Monday, August 31, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদশাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে শাসক দল! তেমনটাই মন্তব্য করলেন বিধায়ক...

শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে শাসক দল! তেমনটাই মন্তব্য করলেন বিধায়ক নির্মল বিশ্বাস সিমেন্ট চুরি কান্ডে শাষক দলের ডাকা প্রেসমিটের ২৪ ঘন্টার মধ্যে পাল্টা সাংবাদিক সম্মেলনে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩০ শে আগষ্ট……খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের বিরুদ্ধে সিমেন্ট চুরির অভিযোগে শাসক দলের ডাকা সাংবাদিক সম্মেলনের চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টা সাংবাদিক সম্মেলন করেন শনিবার বিকেলে সি পি আই এম দলের বিধায়ক নির্মল বিশ্বাস।প্রেসমিট করতে গিয়ে প্রথমেই তিনি বলেন তদন্তের নামে চলছে প্রহসন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ।এই বিষয়ে চ্যালেঞ্জ বামফ্রন্ট বিধায়কের। সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বিধায়ক নির্মল বিশ্বাস চ্যালেঞ্জ করেই বলেন, তদন্তের নামে যা হয়েছে তা একটি জলজ্যান্ত প্রহসন ছাড়া আর কিছুই নয়।অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে উঠা সিমেন্ট চুরির অভিযোগকে আড়াল করে গোটা বিষয়টিকেই ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে শাসকদল।আসলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে।প্রকৃত ঘটনা সম্পর্কে সম্যক অবহিত রয়েছেন গোটা এলাকাবাসী।ঘটনা আদৌ কী ঘটেছে তা এলাকাবাসীর থেকে ভালো করে আর কে জানবে।এই ঘটনার অভিযোগও তো সর্বপ্রথম এলাকাবাসীর তরফ থেকেই উঠেছে।অভিযোগকারী এলাকাবাসীর মধ্যে রয়েছেন শাসকদলের স্থানীয় নেতারাও। তাহলে অভিযোগকারী হিসেবে সি পি আই এম কে জড়ানো হচ্ছে কেন! জিজ্ঞাসা বিধায়ক নির্মল বিশ্বাসের।
এখানে উল্লেখ্য যে, সম্প্রতি খোয়াই ব্লকের পঞ্চায়েত সমিতির মহিলা চেয়ারম্যান টিঙ্কু ভট্যাচার্য্যের বিরুদ্ধে সরকারী সিমেন্ট চুরির একটি অভিযোগ উঠে।গভীর রাতে বারবিল পঞ্চায়েত এলাকায় সরকারী সিমেন্ট বোঝাই চলমান একটি গাড়িকে সন্দেহবশত স্থানীয় মানুষজন আটক করার পরই অভিযোগটি সামনে আসে।গাড়ির চালকই তখন জানান যে,পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ম্যাডামই এই সিমেন্ট একটি জায়গা থেকে নির্দিষ্ট আরেকটি নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলেছেন তাকে।গাড়ি চালকের স্বীকারোক্তির পরপরই বারবিলের গ্রামবাসীরা চেয়ারম্যানের বিরুদ্ধে সরব হন।তারা চেয়ারম্যানের বিরুদ্ধে তেলেবেগুনে জ্বলে উঠেন।শেষ পর্য্যন্ত চেয়ারম্যানের নিকটাত্মীয় ঐ পঞ্চায়েতের উপপ্রধান ঘটনাস্থলে ছুটে এসে উত্তেজিত গ্রামবাসীদের বুঝিয়ে কোনরকমে নিরস্ত করে আটক কৃত গাড়িসহ উদ্ধারকৃত সিমেন্ট সেখান থেকে নিয়ে যান।গ্রামের মানুষজনের অভিযোগ যে, নিজের বাড়ীতে প্রাসাদপ্রমো অট্টালিকাসম বাড়ী বানাচ্ছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্যাচার্য্য।তাই এই বিরাট রাজকীয় বিল্ডিং বানানোর কাজেই সরকারী সিমেন্ট ব্যবহারের অভিযোগ গ্রামবাসীদের।
অভিযোগের বিষয়টি প্রথমে সামাজিক মাধ্যমে সামনে আসে।পরদিন আরো বৃহত্তর পরিসরে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।কিন্তু আটচল্লিশ ঘন্টা অভিযুক্ত চেয়ারম্যান বা শাসকদলের তরফে অভিযোগের বিষয়ে কোন প্রতিক্রিয়া নেই।কোন প্রতিবাদও নেই।ব্লকের বি ডি ও বা গ্রামোন্নয়ন দপ্তরের তরফেও কোন বক্তব্য নেই।এরপরই বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করে অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবী করেন বামফ্রন্ট বিধায়ক তথা সি পি আই এম এর খোয়াই মহকুমা কমিটির সম্পাদক নির্মল বিশ্বাস।তিনি ত্রিস্তর পঞ্চায়েতের একজন নির্বাচিত মহিলা জনপ্রতিনিধির বিরুদ্ধে উঠা এধরনের মারাত্মক অভিযোগ উঠার পরেও অভিযুক্ত চেয়ারম্যান বা শাসকদল বা ব্লকের বি ডি ও বা গ্রামোন্নয়ন দপ্তর সহ প্রশাসনের রহস্যজনক নীরবতা নিয়ে প্রশ্ন তুলেন। এরপরেও কেটে গেছে একশো ঘন্টা।অবশেষে শুক্রবার বি ডি ও এবং শনিবার শাসকদলীয় জেলা সভাপতি সাংবাদিকদের সাথে কথা বলে চেয়ারম্যানের বিরুদ্ধে উঠা সিমেন্ট চুরির অভিযোগ অস্বীকার করেন।বি ডি ও জানান , তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায় নি।আর শাসকদলের জেলা সভাপতি বলেন, বামফ্রন্ট বিধায়ক ও সি পি আই এম এর তরফে তোলা অভিযোগ ভিত্তিহীন। ব্লকের বি ডি ও এবং শাসকদলের জেলা সভাপতির সাংবাদিক সম্মেলনের চব্বিশ ঘন্টার মধ্যেই পাল্টা রবিবার পাল্টা সাংবাদিক সম্মেলন করলেন সি পি আই এম এর মহকুমা কমিটির সম্পাদক ও বামফ্রন্ট বিধায়ক নির্মল বিশ্বাস।সাথে ছিলেন সি পি আই এম এর রাজ্য কমিটির সদস্য পলাশ ভৌমিকও।
এই দিন সি পি আই এম এর জেলা কার্য্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রথমেই বিধায়ক নির্মল বিশ্বাস বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে উঠা সিমেন্ট চুরির অভিযোগ তো বিধায়ক বা সি পি আই এম করেনি।এই অভিযোগ তো উঠে এসেছে বারবিল পঞ্চায়েত এলাকার গ্রামবাসীদের তরফেই।তারাই তো গ্রামের রাস্তায় গভীর রাতে সরকারী সিমেন্ট বোঝাই গাড়ি আটক করেন।তাদের মধ্যে তো শাসকদলের লোকজনও রয়েছেন।তাহলে সি পি আই এম কে অভিযোগকারী হিসেবে বলা হচ্ছে কেন!গাড়ির চালকই তো গ্রামের মানুষের কাছে চেয়ারম্যান টিঙ্কু ভট্যাচার্য্যের নাম বলেছেন।তাহলে ঐ গাড়ি চালককে তদন্ত প্রক্রিয়ার বাইরে রেখে বা তাকে কোন রকমের জিজ্ঞাসাবাদ না করে এটা কীসের তদন্ত!এ তো তদন্তের নামে দস্তুরমতো প্রহসন ছাড়া আর কিছুই নয়।আর বি ডি ও সাহেব যাদেরকে দিয়ে তদন্ত কমিটি গঠন করে তথাকথিত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করলেন তারা তো সবাই অভিযুক্ত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের অধীনস্থ কর্মচারী।তারা চেয়ারম্যানের বিরুদ্ধে কী তদন্ত করবেন!এদের ঘাড়ে কয়টা মাথা যে ওরা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সত্য কথা বলবেন!এ তো তদন্তের নামে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা।মন্তব্য বামফ্রন্ট বিধায়কের।আর অভিযোগের একশো ঘন্টা পরে কেন তদন্ত!বামফ্রন্ট বিধায়কের সাংবাদিক সম্মেলনের পরই কেন নীরবতা ভাঙলেন বি ডি ও বা শাসকদল! আবার বলা হলো যে চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট দিতে হবে!একশো ঘন্টা পরে তদন্ত কমিটি করে চব্বিশ ঘণ্টার মধ্যে রিপোর্ট পেশ করার এত তাড়াহুড়ো কেন!চব্বিশ ঘন্টার মধ্যে কী করে সম্ভব তদন্ত!প্রশ্ন তুলেন বিধায়ক।আর ব্লক বা পঞ্চায়েত সমিতির অফিস থেকে ঘটনাস্থল বা চেয়ারম্যানের বাড়ীর অবস্থান তো ঢিল ছোঁড়া দূরত্বের মধ্যে।তাহলে সেখানে কেন সরকারী কাজের বরাদ্দ করা সিমেন্ট মজুত করার প্রয়োজন পড়লো!জিজ্ঞাসা বিধায়কের।সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট বিধায়ক বলেন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বারবিলের বাড়ীতে প্রাসাদোপম অট্টালিকা নির্মাণ করছেন।এটা নিয়ে তো এলাকার মধ্যেই আলোচনা সমালোচনা চলছে বেশ কিছু দিন ধরেই।চেয়ারম্যানকে এত বড় অট্টালিকা নির্মাণ করার অর্থ কে বা কারা যোগাচ্ছেন এই প্রশ্ন তো এলাকার শাসকদলের নেতা কর্মীরা সহ গ্রামের মানুষজনই ।তারাই তো চেয়ারম্যানের বিরুদ্ধে বেশ কিছু প্রশ্ন তুলে শাসকদলের মণ্ডল কমিটি সহ দলের বিভিন্ন মহলে লিখিত অভিযোগ দায়ের করেছেন।তাই ব্লকের বি ডি ও বা শাসকদলের জেলা সভাপতি যতই অভিযোগ অস্বীকার করুক বারবিল পঞ্চায়েত এলাকার মানুষ জানেন প্রকৃত কী ঘটেছে।বিধায়ক নির্মল বিশ্বাস গাড়ির চালককে তদন্ত প্রক্রিয়ায় যুক্ত করে তাকে জিজ্ঞাসাবাদ করে কার নির্দেশে এত রাতে কোথায় সরকারী সিমেন্ট নিয়ে যাওয়া হচ্ছিল বা বারবিলে গাড়ি করে নিয়ে যাওয়া সিমেন্টের হিসাব কতটুকু রয়েছে , সরকারী কাজের সিমেন্ট কোথায় মজুত করা হচ্ছে বা এসব মালামাল কীভাবে পরিবহন করা হচ্ছে এসব বিষয় সাধারণ মানুষজনের কাছে স্পষ্ট করার দাবী জানান।এত রাতে কেন সরকারী কাজের সিমেন্ট গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে! কীসের এত গোপনীয়তা!এই বিষয়ে সমস্ত প্রশ্ন তুললেন বামফ্রন্ট বিধায়ক নির্মল বিশ্বাস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য