রাজ্যের ১৬টি পুর ও নগর সংস্থার ভোটগ্রহণ পর্ব শেষ হতেই এবার সামনে আসতে শুরু করেছে নির্বাচনোত্তর নানা অভিযোগ। আগামী ২ ডিসেম্বর ভোটের ফলাফল ঘোষণার কথা। তার আগেই আগরতলার ডিমসাগর এলাকায় একটি ফাস্টফুডের দোকান ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শুক্রবার রাতে ভারত সংঘ ক্লাবের কাছে বিএসএনএল অফিস সংলগ্ন রাস্তার পাশে ফুটপাতে থাকা দোকানটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে দুষ্কৃতীরা। শনিবার সকালে দোকানের মালিক জয়দীপ্ত বর্মণ ঘটনাস্থলে এসে দোকানটির বিধ্বস্ত অবস্থা দেখতে পান। দোকানের বিভিন্ন অংশ ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। তবে ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত না থাকায় কারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত, সে সম্পর্কে কিছুই জানতে পারেননি। আচমকা এই ঘটনায় হতবাক হয়ে পড়েন তিনি। দোকান ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জয়দীপ্ত বর্মণ জানান, দুর্গাপুজোর আগে প্রায় ১০ থেকে ২০ হাজার টাকা ব্যয় করে দোকানটি সংস্কার করেছিলেন। কিন্তু ব্যবসার পরিস্থিতি এমনিতেই ভালো ছিল না। প্রায় এক সপ্তাহ ধরে দোকানটি বন্ধ রয়েছে। আগামী মাসে ফের নতুন করে ব্যবসা শুরু করার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু তার আগেই দোকানটি ভাঙচুর করে দেওয়ায় নতুন করে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাঁকে।
একটি ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে কেন এভাবে ভাঙচুরের নিশানা করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দোকানের মালিক। তাঁর দাবি, দোকানটি চালিয়ে জীবিকা নির্বাহ করাই ছিল তাঁর উদ্দেশ্য। এই পরিস্থিতিতে এমন ঘটনা তাঁর আর্থিক দুরবস্থাকে আরও বাড়িয়ে তুলেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ্য, রাজ্যের পুর ও নগর সংস্থার নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক উত্তাপ ছিল তুঙ্গে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর এবার গণনার অপেক্ষা। এরই মধ্যে ডিমসাগরে দোকান ভাঙচুরের ঘটনায় স্থানীয় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। যদিও এই ঘটনার সঙ্গে নির্বাচনোত্তর রাজনৈতিক বিবাদের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। কারা এবং কী কারণে দোকানটিতে ভাঙচুর চালিয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে। ভোটের ফলাফল ঘোষণার আগে এমন ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও স্থানীয়রা।



