এক বছর ১১ মাসের শিশুর শরীরে থাকা বিশাল আকৃতির টিউমার এবং মেরুদণ্ডের জন্মগত ত্রুটির সফল অস্ত্রোপচার করে নজির গড়লেন আগরতলা হাপানিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ডা. অনিরুদ্ধ বসাক। জানা গেছে, সোনামুড়া সাব-ডিভিশনের ধনীরামপুর এলাকার বাসিন্দা রঙ্গদুলাল দেববর্মা ও স্বপ্না রানী ত্রিপুরার সন্তান খাহাম দেববর্মা দীর্ঘদিন ধরে এই জটিল সমস্যায় ভুগছিল। শিশুটির শরীরে বিশাল আকৃতির টিউমারের পাশাপাশি মেরুদণ্ডের অপূর্ণতা থাকায় অস্ত্রোপচারটি অত্যন্ত জটিল ছিল। তবে চিকিৎসকদের দক্ষ প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয় অস্ত্রোপচার। অপারেশনের পর বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সে সুস্থ রয়েছে বলে জানা গেছে। সন্তান সুস্থ হয়ে ওঠায় স্বাভাবিকভাবেই খুশি খাহামের মা-বাবা। এই সফল অস্ত্রোপচারে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুটির পরিবার।



