Sunday, August 16, 2026
বাড়িখবরখেলানরসিংগড়ে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে ধীরগতি, পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নরসিংগড়ে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে ধীরগতি, পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে নরসিংগড়ে তৈরি হচ্ছে রাজ্যের ক্রীড়াপ্রেমীদের বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামকে ঘিরে দীর্ঘদিন ধরেই স্বপ্ন দেখছেন রাজ্যের ক্রিকেটপ্রেমীরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ না হওয়ায় ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্টেডিয়াম নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থার পক্ষ থেকে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও এখনও সম্পূর্ণ হয়নি স্টেডিয়ামের নির্মাণকাজ। ফলে স্বাভাবিকভাবেই হতাশা তৈরি হয়েছে রাজ্যের ক্রীড়ামহলে। এই পরিস্থিতিতে রবিবার নির্মাণ কাজের বর্তমান অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে নরসিংগড়ের নির্মীয়মাণ স্টেডিয়াম পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। এদিন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। মাঠ, গ্যালারি থেকে শুরু করে স্টেডিয়ামের নির্মাণকাজের বিভিন্ন দিক খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন মুখ্যমন্ত্রী। নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি। কাজ শেষ করতে আর কতটা সময় লাগবে এবং বর্তমানে কোন কোন কাজ বাকি রয়েছে, সে বিষয়েও জানতে চান মুখ্যমন্ত্রী।

পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে স্টেডিয়াম নির্মাণের কাজ যেভাবে এগোচ্ছে, তাতে তিনি সন্তুষ্ট। তাঁর প্রত্যাশা, আগামী দুই মাসের মধ্যে স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে। তবে আন্তর্জাতিক মানের এই স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রে এখনও একাধিক গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর নির্ধারিত দুই মাসের সময়সীমার মধ্যে সব কাজ সম্পূর্ণ করা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দীর্ঘদিন ধরে নির্মাণাধীন এই স্টেডিয়ামকে ঘিরে রাজ্যের মানুষের প্রত্যাশা অনেক। আন্তর্জাতিক মানের পরিকাঠামো গড়ে উঠলে ত্রিপুরায় বড় মাপের ক্রিকেট ম্যাচ আয়োজনের পাশাপাশি রাজ্যের ক্রিকেটারদেরও নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন ক্রীড়াপ্রেমীরা।

এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঠিকাদার সংস্থা আগামী দুই মাসের মধ্যে নির্মাণ কাজ কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। নাকি ফের সময়সীমা বাড়ানোর প্রয়োজন হবে। তবে একটি বিষয় স্পষ্ট—নরসিংগড়ের এই স্বপ্নের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনের অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন গোটা রাজ্যের ক্রীড়াপ্রেমী মানুষ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য