Saturday, November 14, 2026
বাড়িখবররাজ্য৩৪ ও ৩৬ নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর প্রচার, বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী মানিক...

৩৪ ও ৩৬ নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর প্রচার, বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী মানিক সাহা

আগরতলা: পুর ও নগর সংস্থার নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রচারের ঝাঁজ বাড়াচ্ছে শাসক দল বিজেপি। দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে মাঠে নেমেছেন দলের মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। প্রচার অভিযানে পিছিয়ে নেই স্বয়ং মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাও। নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে দলীয় প্রার্থীদের সমর্থনে ধারাবাহিকভাবে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। শনিবার আগরতলা পুর নিগমের ৩৪ ও ৩৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী। প্রচার চলাকালীন আসন্ন পুর নির্বাচনে বিজেপির জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। বিশেষ করে ৩৬ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্যের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, তুষার কান্তি ভট্টাচার্য একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এলাকার মানুষের কাছে সুপরিচিত মুখ। তাই তাঁর জয়ের বিষয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী। প্রচারে সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া সাড়া উল্লেখ করে মানিক সাহা দাবি করেন, শহরের বিভিন্ন প্রান্তে বিজেপির পক্ষে ইতিবাচক জনমত তৈরি হয়েছে। তাঁর প্রত্যাশা, এবারের নির্বাচনে বিজেপি শুধু জয়লাভই করবে না, বরং বিপুল ব্যবধানেও জয়ী হবে। আগরতলা শহরের উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, মানুষের জন্য পরিকল্পিত বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রায় ৯০ শতাংশ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি কাজগুলিও পুর নিগমে বিজেপি পুনরায় ক্ষমতায় ফিরলে সম্পূর্ণ করা হবে বলে আশ্বাস দেন তিনি। তবে নাগরিক পরিষেবার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে শহরের কয়েকটি এলাকায় নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, কর্নেল চৌমুহনী এলাকায় সিপিআইএম কর্মীদের উপর বাইক বাহিনীর হামলার অভিযোগ ঘিরে তৈরি হওয়া উত্তেজনা প্রসঙ্গেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, বিরোধীরা রাজনৈতিক উত্তেজনা তৈরি করার উদ্দেশ্যে বিভিন্ন ঘটনার মাধ্যমে বিজেপি কর্মীদের প্ররোচিত করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে দলের কর্মী-সমর্থকদের সংযম বজায় রাখার এবং কোনও প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, অতীতের কর্মকাণ্ড নিয়ে মানুষের কাছে জবাব দেওয়ার পরিবর্তে বিরোধীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে জনদৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করার ফলে সাধারণ মানুষকে অযথা দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিজেপি কর্মীদের উদ্দেশে মানিক সাহা বলেন, বিরোধীরা নানা ধরনের পরিস্থিতি তৈরি করে তাঁদের প্ররোচিত করার চেষ্টা করতে পারে। কিন্তু কোনও অবস্থাতেই সেই ফাঁদে পা দেওয়া চলবে না। শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রত্যেক কর্মীকে সংযম বজায় রাখার নির্দেশ দেন তিনি। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন ওয়ার্ডে রাজনৈতিক দলগুলির প্রচার তীব্র হচ্ছে। একদিকে উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোটারদের মন জয়ের চেষ্টা করছে বিজেপি, অন্যদিকে রাজনৈতিক সংঘাত ও নাগরিক পরিষেবার ইস্যুও নির্বাচনী প্রচারে গুরুত্ব পাচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য