১২তম জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে ত্রিপুরার ঐতিহ্যবাহী তাঁত ও হস্তশিল্পকে তুলে ধরতে আগরতলায় আয়োজন করা হলো বিশেষ অনুষ্ঠান ও প্রদর্শনী। শুক্রবার আগরতলার ত্রিপুরা হস্ততা ও কারুশিল্প নিগমের আরবান হাট ও কনফারেন্স হলে ১২তম জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের পাশাপাশি শুরু হয় হ্যান্ডলুম ও হস্তশিল্প প্রদর্শনী, যা চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন প্রান্তের দক্ষ তাঁতি, কারিগর এবং সেরিকালচার শিল্পীরা তাঁদের হাতে তৈরি বস্ত্র, তাঁতজাত পণ্য ও বিভিন্ন হস্তশিল্প সামগ্রী প্রদর্শন করেন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় হ্যান্ডলুম পণ্যের বাজার সম্প্রসারণ, ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আরও জনপ্রিয় করে তোলা এবং তরুণ প্রজন্মকে এই শিল্পের প্রতি আকৃষ্ট করা।
অনুষ্ঠানে বক্তারা রাজ্যের হ্যান্ডলুম তাঁতি, শ্রমিক ও কারিগরদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। এদিন তাঁত ও হস্তশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন শিল্পীকে সম্মাননাও প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা অন্তরা দেব সরকার, দপ্তরের সচিব কুন্তল দাস, অধিকর্তা অজিত শুক্ল দাসসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।



