Saturday, August 8, 2026
বাড়িখবররাজ্যআইনজীবীদের রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলায় রক্তদান শিবির

আইনজীবীদের রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলায় রক্তদান শিবির

সারা ভারত আইনজীবী ইউনিয়নের রাজ্য সম্মেলনকে সামনে রেখে শনিবার আগরতলা জেলা ও দায়রা জজের আদালত প্রাঙ্গণে আয়োজন করা হয় এক রক্তদান শিবির। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী আইনজীবীদের এই সংগঠনের উদ্যোগে আয়োজিত শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রক্তদাতাদের উৎসাহিত করে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, মানসিকভাবে দৃঢ়তা থাকলে একজন ব্যক্তি একাধিকবার রক্তদান করতে পারেন। কোনো সংগঠনের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন ভালো উদ্যোগ হলেও, প্রতিবছর এ ধরনের কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সারা ভারত আইনজীবী ইউনিয়ন একটি সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ সংগঠন। সংগঠনটি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে প্রতিবছর একটি ছুটির দিনে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে রক্তদান শিবিরের আয়োজন করতে পারে। রক্তদানের ক্ষেত্রে এখনও যাদের মধ্যে দ্বিধা বা সংশয় রয়েছে, এ ধরনের কর্মসূচির মাধ্যমে তাদের সেই দ্বিধা দূর করা সম্ভব বলেও জানান তিনি। এদিন গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আইনজীবীদের ভূমিকারও প্রশংসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, গণতন্ত্র আক্রান্ত হলে এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ সংকুচিত হয়ে এলে মানুষ শেষ ভরসাস্থল হিসেবে আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন। রাজ্যের অসহায় মানুষের পাশে আইনজীবীরা যেভাবে দাঁড়াচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয় বলেও মন্তব্য করেন মানিক সরকার। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের দায়বদ্ধ সংগঠক হিসেবেও আইনজীবীরা মানুষের পাশে থেকে সহযোগিতা করছেন বলে উল্লেখ করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য