ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এবার সরব হলো দুই কর্মী সংগঠন। বকেয়া সুবিধা প্রদান, শূন্যপদে নিয়োগ এবং বদলি নীতি সংশোধন-সহ পাঁচ দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন। আগরতলাস্থ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুই ফেডারেশনের চেয়ারপার্সন বিপ্লব সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন অফিসার্স ফেডারেশনের সভাপতি ডেভিড দেববর্মা, সাধারণ সম্পাদক তমাল দেবনাথ, এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি অন্বেষা দাস এবং সাধারণ সম্পাদক সৌভিক নাগ।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ৮ ও ৯ আগস্ট আগরতলার হোটেল সোনারতরীতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন ও এমপ্লয়িজ ফেডারেশনের প্রথম যৌথ সম্মেলন অনুষ্ঠিত হবে। ৮ আগস্টের উন্মুক্ত অধিবেশনে ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।সম্মেলনকে সামনে রেখে পাঁচ দফা দাবি উত্থাপন করেছে যৌথ ফেডারেশন। তাদের দাবির মধ্যে রয়েছে— নবম যৌথ নোট ও দ্বাদশ দ্বিপাক্ষিক চুক্তির আওতায় সমস্ত বকেয়া আর্থিক ও অ-আর্থিক সুবিধা দ্রুত কার্যকর করা, স্পনসর ব্যাংকের সমপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের ভাতা ও কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করা, স্পনসর ব্যাংক থেকে ডেপুটেশনে কর্মী পাঠানোর প্রথা বন্ধ করা এবং ব্যাংকের স্বতন্ত্র সত্তা বজায় রাখা, শূন্য অফিস সহায়ক পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করা এবং স্বচ্ছ ও মানবিক বদলি নীতি প্রণয়ন করে তা কার্যকর করা। সংগঠনের নেতারা জানান, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। তাই তাঁদের ন্যায্য দাবিগুলির প্রতি ব্যাংক কর্তৃপক্ষ ইতিবাচক মনোভাব গ্রহণ করবে বলেই তারা আশাবাদী।একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, গঠনমূলক আলোচনার মাধ্যমে কর্মীদের দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান হবে এবং দাবি সনদে উত্থাপিত বিষয়গুলি বাস্তবায়নে ব্যাংক কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।



