আগরতলার আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে সোমবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত্যুর কারণ নিয়ে পরিবারের অভিযোগ এবং ময়নাতদন্ত ঘিরে চিকিৎসকদের সঙ্গে মতবিরোধের জেরে হাসপাতাল চত্বরে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। রাসমোহন পূজারীপাড়া এলাকার বাসিন্দা কবিতা দেববর্মা পেটব্যথার সমস্যায় আইজিএম হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
মৃতার পরিবারের অভিযোগ, যথাযথ চিকিৎসার অভাবেই অকালে প্রাণ হারিয়েছেন কবিতা দেববর্মা। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তাঁরা। অন্যদিকে হাসপাতাল সূত্রের দাবি, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত অত্যন্ত প্রয়োজনীয়। চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, মৃতা প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তবে পরিবারের সদস্যদের দাবি, তাঁকে শুধুমাত্র পেটব্যথার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তারা ময়নাতদন্তে সম্মত নন। এই বিষয়কে কেন্দ্র করে চিকিৎসক ও মৃতার পরিবারের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত হবে কি না এবং তদন্তে কী তথ্য উঠে আসে, সেদিকেই এখন নজর রয়েছে।



