অঙ্গদান—মৃত্যুর পরও জীবনের উপহার’—এই বার্তা সামনে রেখে সোমবার সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও পালিত হলো জাতীয় অঙ্গদান দিবস। রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় মূল অনুষ্ঠান। প্রতি বছর ৩ আগস্ট দেশজুড়ে জাতীয় অঙ্গদান দিবস পালিত হয় অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং অঙ্গদাতা ও তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে। একজন মানুষের অঙ্গদান একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে—এই মানবিক বার্তাকেই সামনে রেখে দিনটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে সোমবার আগরতলার প্রজ্ঞা ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. তপন মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারসহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, চিকিৎসক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অঙ্গদানের সামাজিক গুরুত্ব, অঙ্গ প্রতিস্থাপনের সম্ভাবনা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন, ১৮ বছর বা তার বেশি বয়সী যে কেউ স্বেচ্ছায় অঙ্গদানের অঙ্গীকার করতে পারেন। একজন অঙ্গদাতার সিদ্ধান্ত মৃত্যুর পরও একাধিক মানুষের জীবন বাঁচানোর সুযোগ সৃষ্টি করে। এবারের জাতীয় অঙ্গদান দিবসে রাজ্যে বিশেষভাবে অঙ্গ প্রতিস্থাপন পরিষেবা সম্প্রসারণ, অঙ্গদানের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি-র ওপর জোর দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সকলকে অঙ্গদান সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি এই মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।



