ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সমাজসেবার বার্তা দিয়েই দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করল সনাতনী হিন্দু সেনা। এ উপলক্ষে আগরতলার কাঁঠালতলী এলাকায় আয়োজন করা হয় মহা শান্তিযজ্ঞ, বস্ত্র বিতরণ ও হুইলচেয়ার প্রদান কর্মসূচি।
রবিবার সনাতনী হিন্দু সেনার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগরতলার বাইপাস সংলগ্ন কাঁঠালতলী এলাকায় দিনব্যাপী নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির সূচনা হয় মহা শান্তিযজ্ঞ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে। পাশাপাশি সমাজসেবামূলক উদ্যোগ হিসেবে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং চলাচলে অক্ষম ব্যক্তিদের হুইলচেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার স্পিকার রামপদ জামাতিয়া, বিধায়িকা মিনারাণী সরকার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সনাতনী হিন্দু সেনার সভাপতি তাপস মজুমদারসহ সংগঠনের অন্যান্য পদাধিকারী ও বিশিষ্ট অতিথিরা।
বক্তারা বলেন, ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি মানবসেবাই প্রকৃত ধর্ম। তাই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সকলকে সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও ধর্মীয়, সাংস্কৃতিক ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।



