রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও জনমুখী ও আধুনিক করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতাল। রামকৃষ্ণ মিশন, বিবেকনগরের সঙ্গে স্বাক্ষরিত হলো একটি সমঝোতা স্মারক, যার মাধ্যমে ‘নিরাময়’ চিকিৎসা পরিষেবা ইউনিটকে নগর স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র (Urban Health Training Centre- UTHC) হিসেবে গ্রহণ করা হয়েছে। ১ আগস্ট ২০২৬ তারিখে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতাল এবং রামকৃষ্ণ মিশন, বিবেকনগরের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে রামকৃষ্ণ মিশনের চিকিৎসা পরিষেবা ইউনিট ‘নিরাময়’ এখন থেকে এজিএমসি ও জিবিপি হাসপাতালের নগর স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসে দিল্লির এইমস-এর তৎকালীন পরিচালক ড. এম. শ্রীনিবাসনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল আগরতলা সরকারি মেডিকেল কলেজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিবেকনগরের ‘নিরাময়’ কেন্দ্র পরিদর্শন করে। কেন্দ্রটির স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যালোচনার পর এটিকে নগর স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুপারিশ করা হয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ কে. গিট্টের উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে আসে স্বাস্থ্য দপ্তর। পরবর্তীতে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সেই উদ্যোগ আনুষ্ঠানিক রূপ পায়।
সংশ্লিষ্টদের মতে, এজিএমসি ও জিবিপি হাসপাতাল এবং রামকৃষ্ণ মিশন, বিবেকনগরের এই যৌথ উদ্যোগ চিকিৎসা শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি নগর এলাকার প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করবে। একই সঙ্গে ভবিষ্যতে হাজার হাজার মানুষ উন্নত ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।



