ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেড এবং জাতীয় সংখ্যালঘু উন্নয়ন ও অর্থায়ন কর্পোরেশনের (এনএমডিএফসি) যৌথ উদ্যোগে বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে এক ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মাণিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। এছাড়াও বিভিন্ন সরকারি আধিকারিক, ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগমের পদস্থ কর্তাব্যক্তি এবং ঋণপ্রাপক উপভোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের যোগ্য উপভোক্তাদের ক্ষুদ্র ব্যবসা, কৃষিকাজ, পশুপালনসহ বিভিন্ন আয়বর্ধক প্রকল্পে যুক্ত করে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে ঋণ বিতরণ করা হয়। বক্তারা বলেন, এই ধরনের আর্থিক সহায়তা সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে যায়, সেদিকেও গুরুত্বারোপ করা হয়।
মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মাণিক সাহা তাঁর বক্তব্যে বলেন, রাজ্য সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, আর্থিক সহায়তার মাধ্যমে উপভোক্তারা স্বনির্ভর হয়ে নিজেদের পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।



