সংবাদ মাধ্যমের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও পেশাগত কল্যাণে বিশেষ উদ্যোগ নিল আগরতলা প্রেসক্লাব। ক্লাবের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় সাংবাদিকদের জন্য একটি বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ শিবির। রাজ্যের অন্যতম বেসরকারি হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে আগরতলায় কর্মরত সংবাদ মাধ্যমের কর্মীরা অংশ নেন। আয়োজকদের দাবি, এবারকার কর্মসূচি আগের তুলনায় কিছুটা ভিন্ন ছিল। প্রথম দুই দিনে সাংবাদিকদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। এরপর শনিবার সেই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেন।
প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকরা প্রতিনিয়ত ব্যস্ত কর্মজীবন ও চাপের মধ্যে কাজ করেন। তাই তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ থাকায় এই কর্মসূচিকে ঘিরে সংবাদ মাধ্যমের কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। আগরতলা প্রেসক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে স্বাস্থ্য, প্রশিক্ষণ ও অন্যান্য জনকল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজনের আশ্বাস দেওয়া হয়েছে।



