মুখ্যমন্ত্রীর জিবি হাসপাতাল পরিদর্শনের পর দেওয়া একাধিক নির্দেশ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এবার হাসপাতাল পরিদর্শনে এলেন স্বাস্থ্য সচিব কিরণ গিতে। হাসপাতালের বিভিন্ন বিভাগের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা ও ওষুধের প্রাপ্যতা খতিয়ে দেখেন তিনি।
বৃহস্পতিবার জিবি হাসপাতালে বিশেষ পরিদর্শনে আসেন স্বাস্থ্য সচিব কিরণ গিতে। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক হাসপাতাল পরিদর্শনের সময় দেওয়া নির্দেশগুলি দ্রুত কার্যকর করার লক্ষ্যে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় বিশেষ গুরুত্ব দেওয়া হয় মেডিসিন বিভাগে। রোগীর চাপ সামাল দিতে আরও একটি মেডিসিন শাখা চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে কি না এবং রোগীরা সময়মতো প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।
এছাড়াও ট্রমা সেন্টার ও গাইনি বিভাগ পরিদর্শন করে চিকিৎসা পরিষেবার মান, পরিকাঠামো এবং প্রয়োজনীয় উন্নয়নের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন স্বাস্থ্য সচিব।
হাসপাতালে রোগী ও তাঁদের পরিবারের দীর্ঘদিনের পার্কিং সমস্যার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। পার্কিং ব্যবস্থাকে আরও সুষ্ঠু ও কার্যকর করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি।



