আগরতলা, ২৩ জুন : স্বাস্থ্যসেবার ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব ও রোগীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার আইএলএস হাসপাতাল, আগরতলার অডিটোরিয়ামে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের মূল বিষয় ছিল “Human Rights in the Health Care Domain”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি অরিন্দম লোধ। তিনি স্বাস্থ্য পরিষেবায় মানবাধিকারের সুরক্ষা, রোগীর মর্যাদা রক্ষা, চিকিৎসা গ্রহণের অধিকার এবং চিকিৎসক-রোগী সম্পর্কের নৈতিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, মানবাধিকার শুধুমাত্র আইনি বিষয় নয়, এটি মানবিক মূল্যবোধেরও প্রতিফলন, যা স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে সমানভাবে প্রযোজ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ গৌতম হাজরিকা, COO আইএলএস হাসপাতাল আগরতলা; ডাঃ শুভ্রজ্যোতি ভৌমিক, ভাইস প্রেসিডেন্ট – ক্লিনিক্যাল সার্ভিসেস অ্যান্ড কোয়ালিটি, আইএলএস হাসপাতাল; এবং কিশোর আম্বুলি, গ্রুপ অ্যাডভাইজার, আইএলএস হাসপাতাল।
সেমিনারে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্সিং পেশাজীবী এবং স্বাস্থ্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনায় স্বাস্থ্য পরিষেবার গুণগত মান উন্নয়ন, রোগীর অধিকার রক্ষা এবং মানবিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।



