যুব কংগ্রেসের আন্দোলন ঘিরে ফের উত্তেজনা। অভিযোগ, আন্দোলন চলাকালীন সিআরপিএফের লাঠিচার্জে আহত হয়েছেন অন্তত সাতজন। শুধু তাই নয়, খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরাও হেনস্থার শিকার হয়েছেন বলে দাবি করেছে প্রদেশ যুব কংগ্রেস।
সোমবার যুব কংগ্রেসের আন্দোলন ঘিরে রাজধানীতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, আন্দোলন দমাতে সিআরপিএফ লাঠিচার্জ করে। যুব কংগ্রেসের দাবি, সিআরপিএফের লাঠির আঘাতে অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সকলেই চিকিৎসাধীন রয়েছেন। আন্দোলনকে কেন্দ্র করে আরেকটি গুরুতর অভিযোগ উঠেছে সংবাদমাধ্যমকে ঘিরে। প্রদেশ যুব কংগ্রেসের অভিযোগ, ঘটনাস্থলে খবর সংগ্রহ ও প্রচার করতে গিয়ে সাংবাদিকদেরও হেনস্থার শিকার হতে হয়েছে।
সাংবাদিক বৈঠকে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা জানান, এই ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। যুব কংগ্রেসের গুরুতর অভিযোগ নিয়ে এখনও সিআরপিএফ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে ঘিরে বিতর্ক আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।



