পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তারই ভাই ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ি এলাকায়।
লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির ভোগজোড় এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক মহিলার উপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগকারী শুক্লা সরকার জানান, বাবার সম্পত্তিতে তাঁর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে।শুক্লা সরকারের দাবি, সম্প্রতি তাঁর ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাঁর উপর চড়াও হয়ে মারধর করেন। এমনকি শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। ঘটনার পর তিনি বামুটিয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুক্লা সরকার জানান, একাধিকবার তাঁর উপর হামলা হয়েছে এবং তিনি নিজের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন। অভিযোগকারীর দাবি, ভবিষ্যতে তাঁর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার জন্য অভিযুক্তদেরই দায়ী করতে হবে। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন রাহুল সরকার, রুবেল সরকার এবং গীতা বিশ্বাস সরকার। তবে অভিযুক্তদের বক্তব্য এখনও পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তদন্তে কী তথ্য সামনে আসে এবং প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর রয়েছে স্থানীয় বাসিন্দাদের।



