ইন্টারন্যাশনাল নার্সেস ডে উদযাপন উপলক্ষে বুধবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত থেকে নার্সদের ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. দেবাশ্রী দেববর্মা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডা. অঞ্জন দাস, ডিরেক্টর অব মেডিকেল এডুকেশন প্রফেসর ডা. এইচ.পি. শর্মা সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবা রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক ক্ষেত্র। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর দ্রুত উন্নয়নের কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমানে রাজ্যে ৪৫০ আসনের মেডিকেল কলেজ চালু হয়েছে এবং ভবিষ্যতে আরও মেডিকেল কলেজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এডিসি এলাকাতেও একটি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে বর্তমানে কর্মসংস্থানের সুযোগ অনেক বেড়েছে এবং এই ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীদের প্রতি আরও যত্নবান ও মানবিক মনোভাব নিয়ে পরিষেবা দেওয়ার জন্য নার্সদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্য পরিষেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক নার্সকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে নার্সদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।



