পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির উল্লেখযোগ্য ফলাফলের আনন্দে ত্রিপুরাজুড়ে পালিত হচ্ছে বিজয় উৎসব। তারই অংশ হিসেবে বুধবার রামনগর বিধানসভা কেন্দ্রে এক বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলের উদ্যোগ নেন রামনগর কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
জয়পুর এলাকা থেকে শুরু হওয়া এই বিজয় মিছিল রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে শেষ হয় মন্ডল কার্যালয়ের সামনে। মিছিলজুড়ে দলীয় কর্মী-সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিজেপির পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
এদিনের কর্মসূচিতে বিধায়ক দীপক মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন কর্পোরেটর নিবাস দাশ, স্নিগ্ধা দাস দেব, নিতু গুহ দে সহ রামনগর কেন্দ্রের অন্যান্য কর্পোরেটর, দলীয় কর্মী ও সমর্থকরা। মিছিল থেকে “রাজ্যে রাজ্যে দরকার বিজেপি সরকার” স্লোগান তুলে দলীয় কর্মীরা বিজেপির সাফল্য উদযাপন করেন। সব মিলিয়ে বিজয় মিছিলকে ঘিরে রামনগর এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।



