কেন্দ্রের নতুন শ্রম কোড বাতিল, গ্রেফতার শ্রমিক নেতাদের মুক্তি এবং শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে দেশব্যাপী দাবি দিবসের অংশ হিসেবে মঙ্গলবার আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল Centre of Indian Trade Unions (CITU) ত্রিপুরা রাজ্য কমিটি। শ্রম দপ্তরের সামনে আয়োজিত এই কর্মসূচিতে শ্রম কোডের প্রতিলিপি পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়।
সিটু সূত্রে জানা যায়, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর কেন্দ্র সরকার নতুন শ্রম কোড কার্যকর করার উদ্যোগ নেওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিশেষ করে Noida ও Greater Noida-সহ একাধিক শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন জোরদার হয়েছে। অভিযোগ, এই আন্দোলন দমাতে বহু শ্রমিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় ১৮০০ শ্রমিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
এই ঘটনার প্রতিবাদে এবং আন্দোলনরত শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার আগরতলায় বিক্ষোভ মিছিল বের করে সিটু। মিছিলের নেতৃত্ব দেন শ্রমিক নেতা Samar Chakraborty, সংকর প্রসাদ দত্ত, পাঁচালী ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃবৃন্দ। শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে মিছিলটি শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সমর চক্রবর্তী অভিযোগ করেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে দমন করতে বিভিন্ন রাজ্যে সিটু ও অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছে। বহু শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং কয়েকশো শ্রমিক নেতাকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি অবিলম্বে গ্রেফতার শ্রমিক নেতাদের মুক্তি, মিথ্যা এফআইআর প্রত্যাহার, নতুন শ্রম কোড বাতিল এবং শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধির দাবি জানান। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত শ্রমিক নেতারা কেন্দ্রের শ্রমনীতি শ্রমিকবিরোধী বলে অভিযোগ তুলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।



