শ্রীশ্রী মা আনন্দমহীর ১৩১তম শুভ আবির্ভাব মহোৎসব উপলক্ষে ৩রা মে থেকে ৬ই মে পর্যন্ত বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। এই উপলক্ষে মঙ্গলবার এক মানবিক উদ্যোগ হিসেবে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
মন্দির সূত্রে জানা যায়, এদিনের কর্মসূচির পর রাত থেকে শুরু হবে উদয়াস্ত কীর্তন। পরদিন ভোরবেলায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। পাশাপাশি দিনভর কীর্তন চলার পাশাপাশি ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে।
মন্দিরের সম্পাদক প্রণব কুমার রায় জানান, এই মহোৎসবকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং সকলের অংশগ্রহণে অনুষ্ঠানকে সফল করে তুলতে কর্তৃপক্ষ বদ্ধপরিকর।
এদিনের বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর হিমানী দেববর্মা সহ মন্দির পরিচালন কমিটির অন্যান্য সদস্যরা। পুরো অনুষ্ঠান জুড়ে ভক্তিমূলক পরিবেশে এক আনন্দঘন আবহ সৃষ্টি হয়েছে।



