আগামী ৫ ও ৬ মে খুমুলুঙে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর গুরুত্বপূর্ণ কার্যসূচি অনুষ্ঠিত হতে চলেছে। এই দুই দিনে পরিষদের চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী সদস্য (সিইএম) নির্বাচন এবং নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে।
টিটিএএডিসির অতিরিক্ত মুখ্য নির্বাহী আধিকারিক সুবল দেববর্মা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানান, ৫ মে সকাল ১১টায় খুমুলুঙস্থিত পরিষদীয় ভবনে নবনির্বাচিত সদস্যদের মধ্য থেকে চেয়ারম্যান ও সিইএম নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকল সদস্যকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এরপর ৬ মে সকাল ১১টায় খুমুলুঙের নুটাই অডিটোরিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। নবনির্বাচিত মুখ্য নির্বাহী সদস্যসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা এই অনুষ্ঠানে শপথ নেবেন। অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।



