উত্তর ত্রিপুরার ৫৬ নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘিরে সোমবার সকাল থেকেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পাশাপাশি এই উপনির্বাচনের দিকেও ছিল সকলের কড়া নজর।
সকাল ৮টা নাগাদ ধর্মনগর গার্লস স্কুলে শুরু হয় ভোটগণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনার মাধ্যমে প্রক্রিয়ার সূচনা হয়, পরে ধাপে ধাপে ইভিএম গণনা এগোতে থাকে। মোট ১৪টি টেবিলে চার দফায় সম্পন্ন হয় পুরো গণনা পর্ব। গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। প্রতিটি রাউন্ডে তিনি ক্রমশ নিজের ব্যবধান বাড়াতে থাকেন এবং শেষ পর্যন্ত নিরঙ্কুশ জয়ের মুখ দেখেন।
চূড়ান্ত ফলাফলে দেখা যায়, বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই(এম)-এর অমিতাভ দত্তকে ১৮,২৯০ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। এই জয়কে ঘিরে বিজেপি শিবিরে উৎসবের আবহ তৈরি হয়েছে, অন্যদিকে বিরোধী শিবিরে নেমে এসেছে হতাশা। এই ফলাফল আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



