দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত ক্রেস ওয়ার্কাররা। শনিবার নিজেদের বকেয়া বেতন দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে কর্মীরা শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে একটি ডেপুটেশন প্রদান করেন।
কর্মীদের অভিযোগ, মাসের পর মাস কাজ করেও তারা নিয়মিত বেতন পাচ্ছেন না, যার ফলে চরম আর্থিক সংকটের মধ্যে পড়তে হচ্ছে তাদের ও তাদের পরিবারকে। এই অবস্থায় বাধ্য হয়েই তারা দপ্তরের দ্বারস্থ হন।
ডেপুটেশন গ্রহণের পর শিক্ষা দপ্তরের অধিকর্তা কর্মীদের আশ্বস্ত করে জানান, বকেয়া বেতনের একটি অংশ আগামী মে মাসের ২০ তারিখের মধ্যে পরিশোধ করা হবে। পাশাপাশি, বাকি অর্থও পর্যায়ক্রমে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
এদিন সংস্থার এক কর্মী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আমাদের প্রাপ্য বেতনের জন্য অপেক্ষা করছি। বারবার দাবি জানানোর পরও কোনও সুরাহা হয়নি। আজ আমরা বাধ্য হয়ে ডেপুটেশন দিতে এসেছি। আশা করছি, দপ্তরের এই আশ্বাস বাস্তবায়িত হবে।”
কর্মীদের এই সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিতও দেন তারা।



