আগরতলা, রবিবার: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে কেন্দ্র করে উচ্ছেদের নোটিশ জারি হওয়ায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এদিন জিবি অভয়নগর রোডে, অভয়নগর ব্রিজ সংলগ্ন নদীর পাড়ে বসবাসকারী বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খালের পাড়ে বসবাস করে আসা বেশ কিছু পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে পরপর দুইবার জায়গা খালি করার নোটিশ দেওয়া হয়েছে। আগরতলা পুর নিগমের উদ্যোগে কাটা খাল সংস্কারের কাজ শীঘ্রই শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে সদর মহকুমা প্রশাসন উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে।
অভিযোগ, গত শুক্রবার মাইকিং করে দ্রুত এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়। তবে নোটিশপ্রাপ্ত বাসিন্দাদের দাবি, তাঁদের জন্য এখনও পর্যন্ত কোনও বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। ফলে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা।
বাসিন্দাদের অনেকেই জানান, তাঁরা মাইক্রো ফাইনান্স সংস্থা থেকে ঋণ নিয়ে সংসার চালাচ্ছেন এবং সন্তানদের পড়াশোনা করাচ্ছেন। কেউ গৃহপরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ উচ্ছেদের মুখে পড়ে তাঁদের জীবনে গভীর সংকট নেমে এসেছে।
বিক্ষোভকারীদের প্রশ্ন, পুনর্বাসনের কোনও ব্যবস্থা ছাড়া তাঁরা কোথায় যাবেন? এই দাবিতে তাঁরা এদিন রাস্তায় নেমে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁদের হুঁশিয়ারি, পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁরা বাড়িঘর ছাড়বেন না। প্রয়োজনে জীবন বাজি রাখতেও পিছপা হবেন না বলেও জানান আন্দোলনকারীরা।
ঘটনাস্থলে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পরিস্থিতি এখনও থমথমে।



