শারদীয় দুর্গাপূজার মত বাসন্তী পুজারও অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহা অষ্টমী উপলক্ষে আগরতলার আনন্দময়ী আশ্রমে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কুমারী পূজা। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা করেন ভক্তরা। সকালে বৈদিক মন্ত্রোচ্চারণ ও পূজার্চনার মধ্য দিয়ে শুরু হয় এই বিশেষ পূজা। আশ্রম প্রাঙ্গণে অষ্টমীর দিন ছোট্ট কন্যাকে দেবীর প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করে পূজা করা হয়, যা হিন্দু ধর্মীয় বিশ্বাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কুমারী পূজার সময় উপস্থিত ভক্তরা গভীর ভক্তিভরে প্রার্থনায় অংশ নেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। পূজা উপলক্ষে আশ্রমে ছিল নিরাপত্তার কড়া ব্যবস্থা এবং সুশৃঙ্খলভাবে দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা করা হয়। সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যার ফলে পুরো এলাকা ভক্তিমূলক আবহে মুখর হয়ে ওঠে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কুমারী পূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি নারী শক্তির প্রতি সম্মান প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ প্রতীক। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। মহা অষ্টমীর এই বিশেষ আয়োজনকে ঘিরে আগরতলার আনন্দময়ী আশ্রমে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে, যা শহরের অন্যতম আকর্ষণ হিসেবে প্রতি বছরই মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নেয়।



