দশ দফা দাবির ভিত্তিতে সোমবার একদিনের প্রতীকী ধর্মঘট পালন করলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মীরা। ব্যাংকের প্রতিটি শাখা এবং আঞ্চলিক কার্যালয়ে এদিন এই ধর্মঘট পালিত হয়। একদিনের এই প্রতীকী ধর্মঘটে প্রায় অর্ধ-কোটি টাকা ক্ষতি হলো ব্যাংকের ।
সোমবার এক দিনের প্রতীকী ধর্মঘট পালন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা ।রিজিওনাল রুরাল ব্যাঙ্কিং এমপ্লইজ অ্যাসোসিয়েশনের জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরাম এই ধর্মঘটের ডাক দেয়। মোট ১০ দফা দাবির ভিত্তিতে পালিত হয় এই একদিনের প্রতীকী ধর্মঘট ।ধর্মঘটের ফলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় সহ সব কটি শাখা এবং আঞ্চলিক কার্যালয়ে কাজকর্ম হয়নি ।কর্মচারীদের জন্য একটি সুস্থ নিরাপদ এবং মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা, ১২ তম দ্বিপাক্ষিক বেতন চুক্তির সমস্ত সুবিধা কার্যকরী করা প্রভৃতি ১০ দফা দাবির অন্যতম ছিল। এদিন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু ধর এই সংবাদ জানান ।তিনি জানান ,একদিনের বেতন কাটার হুমকি কে অগ্রাহ্য করেই ব্যাংকের সমস্ত কর্মীরা এই ধর্মঘটে সামিল হয়েছেন। ধর্মঘট ছাড়া কোন উপায় ছিল না ।কারণ এই সমস্যার সমাধানের জন্য শ্রম দপ্তর দুইবার বৈঠক করেছিল ।২৭ ফেব্রুয়ারি বৈঠকে কর্মচারীদের সদস্যরা সব ব্যাংকের ম্যানেজমেন্টের সদস্যরা উপস্থিত থাকলেও বৈঠকটি ছিল নিষ্ফলা। এরপর ছয় মার্চ আরও একটি বৈঠক হয় ।কিন্তু সেই বৈঠকে শ্রমদপ্তরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার ,ব্যাংকের সংগঠনের সদস্যরা উপস্থিত থাকলেও ম্যানেজমেন্টের পক্ষ থেকে কেউ উপস্থিত থাকেননি ।ফলে সেই বৈঠক ভেস্তে যায় এবং বনধ অনিবার্য হয়ে পড়ে।
জানা গেছে এদিনের এই ধর্মঘটের ফলে প্রায় অর্ধ কোটি টাকার উপর ক্ষতির সম্মুখীন হয় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ।তবে এই ধর্মঘটকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই।



