ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নারীশক্তির অদম্য চেতনা, সংগ্রাম এবং সাফল্যকে কুর্নিশ জানাতে সোমবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠান— “সানরাইজ বীরাঙ্গনা”। সমাজের বিভিন্ন স্তরে বিশেষ অবদান রাখা রাজ্যের ২০ জন প্রথিতযশা নারীকে এই অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয়। স্পোর্টস স্কুল মহিলা ফুটবল টিম এবং এগিয়ে চল সংঘ মহিলা ক্রিকেট দলকেও দেওয়া হয় সানরাইজ বীরাঙ্গনার পুরস্কার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. সমাজসেবী শ্রীমতী নীলাঞ্জনা ঘোষ। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, যে সমস্ত মহিলারা প্রতিদিন নিভৃতে সমাজের মূল ভিত গড়ে তুলছেন এবং নিজেদের কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করছেন, তাঁদের সম্মান জানাতেই এই উদ্যোগ।
পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ত্রিপুরার প্রথম নারী ব্যান্ড ‘মেঘবালিকা’-র পরিবেশনা।
আগরতলাভিত্তিক এই ব্যান্ডটি তাদের সুরের জাদুতে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। নারীশক্তির এই উদযাপনে তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিতে এক ভিন্ন মাত্রা যোগ করে।
সম্মাননা প্রাপ্ত ২০ জন নারীর জীবনসংগ্রাম ও সাফল্যের কাহিনি অনুষ্ঠানে সংক্ষেপে তুলে ধরা হয়। প্রধান অতিথির পাশাপাশি বিশেষ অতিথিবর্গ প্রত্যেক তাঁদের বক্তব্যে বলেন, “নারীরা আজ কোনো অংশেই পিছিয়ে নেই। এই ধরণের অনুষ্ঠান তাঁদের এগিয়ে যাওয়ার পথে আরও উৎসাহ যোগাবে।”
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সন্তোষ গোপ। আগরতলা প্রেস ক্লাবের হলঘর এদিন বিশিষ্টজনদের উপস্থিতিতে ছিল কানায় কানায় পূর্ণ। সব মিলিয়ে সোমবারের এই সন্ধ্যাটি হয়ে উঠেছিল নারীত্বের জয়গান ও প্রেরণার এক মিলনমেলা।



