খোয়াইয়ের বাচাইবাড়িস্থিত হাচুকনি খরাং কমিউনিটি হলে আজ খোয়াই জেলায় আগর চাষের এলাকা সম্প্রসারণের বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। বনদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। কর্মশালার উদ্বোধন করে তিনি বলেন, বর্তমানে সারা বিশ্বে আগরের ব্যাপক চাহিদা রয়েছে। একটি আগর গাছ থেকে ১৪-১৫ বছর পর কমপক্ষে ১০ লক্ষ টাকা আয় হতে পারে। তাঁর পরামর্শ আগর গাছ পরিপক্ক হওয়ার আগে যেন চাষিরা বিক্রি করে না দেন। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের আগে বিক্রি করে দিলে প্রকৃত মোনাফা থেকে তারা বঞ্চিত হবেন। আগর গাছ লাগিয়ে সঠিক পরিচর্যা করার জন্য তিনি আগর চাষিদের আহ্বান জানান।
কর্মশালায় বক্তব্য রাখেন বন দপ্তরের প্রধান সচিব আর কে শ্যামল, খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ, খোয়াই জেলার বন আধিকারিক অশোক কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুলাশিখর বিএসি’র চেয়ারম্যান প্রদীপ দেববর্মা, খোয়াই মহকুমার মহকুমা শাসক নির্মল কুমার ঝা, এডিসি’র খোয়াই জোনালের চেয়ারম্যান বিশু দেববর্মা, বাচাইবাড়ি সাব জোনালের চেয়ারম্যান তাপস দেববর্মা, ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন নাথ প্রমুখ। একদিনের কর্মশালায় খোয়াই জেলার ৬টি ব্লক থেকে ৪৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। কর্মশালায় আগর চাষিদের আগর চাষের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া আগর চাষের জন্য বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার জন্যও তাদের অবহিত করা হয়।



