বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৬ ই আগস্ট…..এক অভিনব উদ্যোগের সাক্ষী রাখল খোয়াই জেলা প্রশাসন।৭৭-তম স্বাধীনতা দিবসের প্রাক্ লগ্নে অর্থাৎ ১৪ অগাষ্ট সন্ধ্যা ৬ ঘটিকায় খোয়াই জেলা গ্রন্থাগারে খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে ও খোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরামের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল এক বহুভাষিক কবিসন্মেলন ও আলোচনা চক্রের অনুষ্ঠান। স্বাধীনতা দিবসকে সামনে রেখে খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রথম এমন ব্যতিক্রমী আয়োজন। এই বর্ণময় আয়োজনে নির্বাচিত জন প্রতিনিধি থেকে শুরু করে খোয়াই জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা ও উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবসের প্রাক্ সন্ধ্যায় এক জমঝমাট কবিতা ও আলোচনা সভার আয়োজন করা হয় খোয়াই জেলা গ্রন্থাগারে। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের উদ্বোধক তথা বিধায়ক পিনাকী দাস চৌধুরী। দেশাত্মবোধক গানের মাধ্যমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুরের ধারা সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষিকা বর্ণালী বিশ্বাস ও তার সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রীরা। এরপর স্বাগত বক্তব্য রাখেন বহুভাষিক কবিসন্মেলনের আহ্বায়ক তথা খোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরামের সম্পাদক জহরলাল দাস।
এরপর সন্মানিত অতিথি, বিশেষ অতিথিদের মধ্যে একে একে বক্তব্য রাখেন খোয়াই জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য, খোয়াই পুর পরিষদের কাউন্সিলার পীযূষকান্তি চৌধুরী, খোয়াই পুর পরিষদের মাননীয় চেয়ারম্যান দেবাশীষ নাথশর্মা, খোয়াই জিলা পরিষদের মাননীয় সদস্য শ্রী সুব্রত মজুমদার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে খোয়াই জেলাশাসক ও সমাহর্তা মাননীয় শ্রী ডি.কে.চাকমা মহোদয় স্বাধীনতা সংগ্রামে কবি-লেখক-সাহিত্যিকদের অমূল্য অবদানের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে কবি-সাহিত্যকদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান আরো বৃহত্তর পরিসরে করার উপর গুরুত্বারোপ করেন। উদ্বোধকের বক্তব্যে মাননীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী ও এই ধরনের অনুষ্ঠানের ভূয়সী প্রসংশা করেন ও ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি করার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সভাপতি তথা খোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরামের সভাপতি শ্রী মনোরঞ্জন গোপ মহোদয়ের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় খোয়াই জেলার নবীন প্রবীণ কবিদের কবিতা পাঠ ও নৃত্য ও সঙ্গীতের বর্ণাঢ্য আয়োজন। স্বাধীনতা দিবস সম্পর্কিত ও দেশাত্মবোধক কবিতা পাঠ করেন খোয়াই জেলার প্রায় চল্লিশ জন কবি। কবিদের কবিতা পাঠের ফাঁকে ফাঁকে চলে নৃত্য ও সঙ্গীত। সব মিলিয়ে স্বাধীনতা দিবসের প্রাক্ সন্ধ্যায় কবিতা গানে মুখরিত ছিল খোয়াই জেলা গ্রন্থাগার প্রাঙ্গন। অনুষ্ঠানে কবি, শিল্পী, সাহিত্যিকদের হাতে খোয়াই জেলা প্রশাসনের তরফ থেকে কবি-সন্মাননা পত্র ও তুলে দেওয়া হয়।



