রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশী নাগরিক উদ্ধারের ঘটনায় চিন্তার ভাঁজ দেখা দিতে শুরু করেছে বিভিন্ন মহলে। একের পর এক ঘটনা উস্কে দিচ্ছে নানা প্রশ্ন। বড় হয়ে দাঁড়াচ্ছে নিরাপত্তা ইস্যুও। এর পেছনে কি কোন চক্রান্ত কাজ করছে কি না এনিয়েও বিভিন্ন সচেতনমহলে চলছে জোর জল্পনা। সোমবার ফের আগরতলা থেকে দুই জন বাংলাদেশী যুবককে আটক করায় এই দিকটি নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। জানা যায় আগরতলার কর্নেল চৌমুহনী এলাকায় একটি হোটেল থেকে দুই জন বাংলাদেশী যুবককে আটক করে পশ্চিম থানার পুলিশ। আগরতলার পশ্চিম থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানান বাংলাদেশ রাঙ্গামাটি এলাকা থেকে দুই যুবক অবৈধভাবে সাব্রুম এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। কাজের সন্ধানে আগরতলার কর্নেল চৌমুহনী এলাকায় একটি হোটেলে যায় তারা। সেখান থেকেই সোমবার দুই বাংলাদেশি যুবককে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি কারণে তারা ভারতে এসেছে ? কাজের সন্ধানে নাকি অন্য কোন কাজে এই সব দিক ক্ষতিয়ে দেখছে পুলিশ। প্রশ্ন উঠছে সীমান্তে কাঁটাতারের বেড়া এবং বিএসএফের টহলদারি থাকার সত্বেও কিভাবে এই দুই যুবক ভারতে প্রবেশ করেছে ? এনিয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



