পরিবেশের ভারসাম্য যেভাবে দিন দিন নষ্ট হতে চলেছে তাতে করে আগামী প্রজন্মের কাছে পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করতে চলেছে। তাই আগামী প্রজন্মকে এই পৃথিবীতে বাসযোগ্য করে তোলার জন্য প্রয়োজন পরিবেশের ভারসাম্য রক্ষা করা। পরিবেশের ভারসাম্য রক্ষা করার একমাত্র উপায় হল সবুজায়ন অর্থাৎ বৃক্ষরোপন। তাই সরকারি বেসরকারি উদ্যোগে প্রতিনিয়তই চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। যদিও এই কর্মসূচির সার্থকতা নিয়ে সচেতন মহলে রয়েছে নানা প্রশ্ন। কারণ ঘটা করে বৃক্ষরোপন করা হলেও বাস্তবে দেখা যায় সঠিক পরিচর্যার অভাবে কিছুদিন বাদেই ধ্বংসে পরিণত হয় লাগানো গাছের চারা। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বৃক্ষরোপণ যেমন প্রয়োজন, তার চেয়েও অধিক প্রয়োজন সেগুলিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা। তবেই উদ্দেশ্যের সফলতা আসবে। নতুবা বৃক্ষরোপণ শুধুমাত্র আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু হবে না। এই অবস্থায় বৃক্ষরোপণ ও তাকে সঠিক পরিচর্যার মাধ্যমে বেড়ে তোলার দায়িত্বে নিয়ে এবার বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে এলো লায়ন্স ক্লাব অফ আগরতলা গ্যালাক্সি। রবিবার এই সংগঠনের উদ্যোগে রাজধানীর কৃষ্ণনগর মেহার কালীবাড়িতে আয়োজন করা হয় এক বৃক্ষরোপণ কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও ছিলেন স্থানীয় কর্পোরেটর ভাস্বতি দেববর্মা সহ আয়োজক সংস্থার কর্মকর্তারা। এধরনের কর্মসূচি আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র দীপক মজুমদার।



