রেগা ও টুয়েপে বছরে ২০০ দিনের কাজ ও মজুরি বৃদ্ধি, ভর্তুকিতে কৃষকদের সার বীজ কীটনাশক প্রদান, এডিসির হাতে অধিক ক্ষমতা ও অর্থ দেওয়া, সমস্ত অকেজো সেচের মেশিন অবিলম্বে চালু করাসহ রাজ্যের কৃষক দুনিয়া ক্ষেতমজুর ও রাজ্যবাসী স্বাস্থ্য সংশ্লিষ্ট ১৫ দফা দাবিতে এবার রাস্তায় নামল বামপন্থী তিন সংগঠন সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ ও ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন। পূর্ব ঘোষণা অনুযায়ী ১৫ দফা দাবিকে সামনে রেখে বুধবার মহাকরণ অভিযান সংঘটিত করল এই তিন সংগঠন। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এদিন মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মহাকরণের উদ্দেশ্যে রওনা দেয়। মিছিল সার্কিট হাউস এলাকায় পৌঁছা মাত্র মিছিলের গতিরোধ করে পুলিশ। এদিনের এই মহাকরণ অভিযানের সূচনাতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মিছিলের নেতৃত্বে ছিলেন খেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি ভানু লাল সাহা, কৃষক সকল রাজ্য সম্পাদক পবিত্র কর, গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধা চরণ দেববর্মা, প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, প্রাক্তন বিধায়ক সুধন দাস, প্রাক্তন রাজ্যসভার সাংসদ মতিলাল সরকার সহ আরো অনেকে। আরক্ষা প্রশাসনের কর্মীরা সার্কিট হাউস এলাকায় মিছিলের গতিরোধ করলে সেখানে আয়োজিত এক পথসভায় দাবি গুলি উল্লেখ করে রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রাজ্য সরকারের সমালোচনা করেন তিন সংগঠনের নেতৃত্ব। জানা গেছে বিধানসভায় বাজেট অধিবেশন চলতে থাকায় মহাকরণে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতের জন্য পরবর্তী সময়ে নেতৃত্ব দাবিগুলি তুলে দেবেন মুখ্যমন্ত্রীর হাতে।



