রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসন নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও, একে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে রমরমার নেশার বাণিজ্য অব্যাহত রাখে নেশা কারবারীরা। কিছুতেই যেন মারণব্যাধী এই অবৈধ নেশার বাণিজ্য প্রতিরোধ করতে পারছে না পুলিশ। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিটি অলিগলিতেই চলছে বিষাক্ত এই নেশার কারবার। আর তা গ্রহণ করে ধ্বংসের পথে রাজ্যের যুবসমাজ। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ প্রশাসন যে নেশা কারবারীদের বিরুদ্ধে নীরব এমনটা নয়, প্রায় প্রতিদিনই কোন না কোন এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ নেশা সামগ্রী সহ আটক করতে সক্ষম হচ্ছে নেশা কারবারিদের। তা আরো একবার প্রত্যক্ষ করা গেল আগরতলা এনসিসি থানায়। গোপন সূত্রের ভিত্তিতে থানার পুলিশ মঙ্গলবার রাতে উজান অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে সাত জন ড্রাগস সেবনকারী ও প্যাডলারকে জালে তুলতে সক্ষম হয়। একই সাথে পুলিশ আটক করে একটি নম্বর বিহীন অটো সহ বেশ কিছু পরিমাণ নগদ অর্থ, মোবাইল ফোন ও ব্রাউন সুগার। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক প্রায় আড়াই লক্ষ টাকা বলে বুধবার জানালেন এনসিসি থানার ওসি সুশান্ত দেব। শ্রীদেব যেদিন আরো জানান প্রাথমিক তদন্তের শেষে আগামীকাল বৃহস্পতিবার ধৃত সাতজনকে আদালতে তোলা হবে।



