দুর্ঘটনা এখন রাজ্যের নিত্যদিনের বিষয়। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন এলাকায় গঠছে একাধিক দুর্ঘটনা। মূলত বেপরোয়াগামি যান চলাচলের জন্যই হতাহতের শিকার হচ্ছেন একাংশ চালক ও সাধারণ মানুষ। কিছুতেই যেন অনাকাঙ্ক্ষিত এধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। এর মধ্যেই রবিবার খয়েরপুর এলাকায় বাইক এবং মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন ৫২ বছরের বাইক চালক অমল কুমার সাহা। জানা যায় এদিন আগরতলা শকুন্তলা রোড এলাকায় নিজ বাড়ি থেকে বাইকে করে রানিরবাজারে যাবার পথে খয়েরপুরে বিপরীতমুখী একটি মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাইক চালক অমলবাবু। বিষয়টি প্রত্যক্ষদর্শীরা লক্ষ্য করতে পেরে সঙ্গে সঙ্গে খবর দেন দমকল বাহিনীর কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় অমল বাবুকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে জিবি হাসপাতালে চলছে অমল বাবুর চিকিৎসা। এদিকে দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বাইক চালক।



