বন্ধু তোমার রক্তে বাঁচে লক্ষ মানুষের প্রাণ, বন্ধু তোমায় গাইতে হবে জীবনের গান। এই বার্তা কে সামনে রেখে শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে শহীদ ছাত্রনেতা অরুন দেবের ৩৪তম শহীদান দিবস উদযাপন করলো এসএফআই সদর বিভাগীয় কমিটি। আগরতলা মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে আয়োজিত এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্ত দাতাদের উৎসাহিত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও ছিলেন প্রাক্তন ছাত্রনেতা অমল চক্রবর্তী, এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব, টি এস ইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। শিবিরে বক্তব্য রাখতে গিয়ে শহীদ অরুণ দেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন মানিক সরকার। একই সাথে এদিন তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থা চিত্র তুলে ধরে বর্তমান শাসকের সমালোচনা করেন। তিনি বলেন রাজ্যের স্কুল কলেজগুলি এখন নানা সমস্যায় ভুগছে। স্কুল কলেজ গুলিতে যে সুস্থ পরিবেশ গড়ে তোলা হয়েছে তা এখন নষ্ট করে দেওয়া হচ্ছে। কলেজগুলিতে রয়েছে অধ্যাপকের সংকট। অনার্স কোর্স চালু রয়েছে অথচ সেই বিষয়ে পড়ানোর মতো অধ্যাপক নেই। বামফ্রন্ট সরকারের সময় ছাত্র-ছাত্রীদের বিনা খরচে করার ব্যবস্থা করেছিল। আর এখন যে ফি ধার্য করা হয়েছে তাতে করে দিশাহারা হয়ে পড়ছেন অভিভাবকরা। রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়াতে চাইছে। তাই স্কুল কলেজগুলিতে এই সমস্যা নিয়ে রাস্তায় নামার জন্য ছাত্র সংগঠনগুলির প্রতি আহ্বান রাখেন তিনি।



