ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে শুরু হলো বাজেট অধিবেশন। অধিবেশনের প্রথম দিনেই চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।২৭৬৫৪ কোটি ৪০ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেটে মূলধনী ব্যয় করা হয়েছে, ৫৩৫৮ কোটি ৭০ লক্ষ টাকা। এই বাজেটে রাজ্যের নিজস্ব নতুন ১৩ টি প্রকল্পের উপর গুরুত্ব দেয়া হয়। এর মধ্যে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে সর্বোচ্চ ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরপরেই রয়েছে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা প্রকল্প। এতে বরাদ্দ করা হয় ৫৯ কোটি টাকা। অর্থমন্ত্রীর পেশ করা প্রস্তাবিত বাজেট নিয়ে নিজের প্রতিক্রিয়া দিতে এদিন বিধানসভা ভবনেই সাংবাদিক সম্মেলনে মিলিত হন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন,মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুগম করার লক্ষ্যে এই বাজেট একটা নতুন স্বচ্ছ প্রশাসনের সংস্থান রাখা হয়েছে। এই বাজেটে রয়েছে রাজ্য সরকার কর্তৃক বিগত পাঁচ বছরের গৃহীত বিভিন্ন কল্যাণ মূলক পরিকল্পনা ও কর্মকাণ্ডের উপর যে ব্যবস্থা তা উল্লেখ আছে। বিভিন্ন সামাজিক অর্থনৈতিক বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে এই বাজেটে মূলধনী ব্যয়ে জোর দেওয়া হয়েছে। বাজেটে ১৪৩৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে।৭০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক খাতে। তাছাড়া এই বাজেট রাজ্যকে স্থায়ী বিকাশ, সমৃদ্ধির পথে পরিচালিত করতে নিঃসন্দেহে অগ্রণী ভূমিকা নেবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের যে স্লোগান তা পরিলক্ষিত হয়েছে এই বাজেটে। এমনটাই বললেন এদিন মুখ্যমন্ত্রী।



