চাকুরী হারিয়ে এমনিতেই দিশাহারা। শীর্ষ আদালতে নির্দেশে চাকুরী চলে যাবার পর পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে ফুটপাতে জুতার ব্যবসার উপরে নির্ভরশীল ছিলেন ইদ্রিস মিয়া ও বাবুল মিয়া নামে চাকুরীচুত্য দুই ভাই। যে ব্যবসার উপর নির্ভরশীল ছিলেন গোটা পরিবারের ১৪ জন সদস্য। এই অবস্থায় ভয়াবহ আগুনে আবারো নিঃস্ব হলেন চাকুরীচুত্য দুই ভাই ও তার পরিবার। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে রাজধানী আগরতলার রামনগর গাঙ্গাইল রোড এলাকায়। রহস্যজনক আগুনে এদিন ভষ্মীভূত হল দুই ভাইয়ের বসত ঘর। রাত তখন আনুমানিক প্রায় দেড়টা। ভয়াবহ আগুনে পরিবারের সদস্যরা কোনক্রমে রক্ষা পেলেও প্রাণ বাঁচাতে ঘর থেকে বের হতে গিয়ে অল্প বিস্তর আহত হলেন দুইজন। ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই সম্পূর্ণ ঘরটি ভষ্মীভূত হয়ে যায়। জানা গেছে ইদ্রিস মিয়া ও বাবুল মিয়া দুই ভাই চাকুরীচুত্য শিক্ষক। চাকুরী হারানোর পর ফুটপাতে জুতার ব্যবসা করে পরিবার প্রতিপালন করে আসছিলেন। এই আগুনে ঘরের সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে ব্যবসার যাবতীয় সামগ্রী সবকিছু ভশ্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা। এদিকে ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কর্পোরেটর নিবাস দাস। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের সাথে কথা বলে সরকারি সাহায্য প্রদানের আশ্বাস দেন। গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটিকে অনেকেই রাজনৈতিক আক্রোশ বলে মনে করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি পরিকল্পিতভাবেই ঘরে আগুন দেওয়া হয়েছে। তবে এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তারা।



