নিয়ন্ত্রণহীন ভাবেই চলছে আগরতলা শহরে ব্যাটারি চালিত রিক্সা। যে রিক্সা দীর্ঘদিন ধরেই আতঙ্কের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ নাগরিকদের মনে। দ্রুত গতিতে চালাতে গিয়ে প্রায় সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে এধরনের ব্যাটারি চালিত রিক্সা। অথচ এই রিকশা নিয়ন্ত্রণের কোন তৎপরতা নেই আগরতলা পৌরনিগম থেকে শুরু করে প্রশাসনের। ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে প্রশাসনিকভাবে কোন ধরনের অভিযান না থাকায় শহরে অস্বাভাবিক হারে বেড়েছে এধরনের যানবাহন। যার ফলে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হয়ে রক্তাক্ত হচ্ছেন একাংশ যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। সোমবার তা আরো একবার প্রত্যক্ষ করা গেল রাজধানী আগরতলার বনমালীপুর শ্রীকৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকায়। দ্রুতগামী বাইক ও ব্যাটারি চালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হলেন এক কলেজ পড়ুয়া ছাত্রী সহ তিনজন। অভিযোগ বাইক ও ব্যাটারি চালিত রিক্সা উভয়ই ছিল দ্রুতগতিতে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ও ব্যাটারি চালিত রিক্সা মুখোমুখি সংঘর্ষ হলে আহত হন তিনজন। এদের মধ্যে একজন ছিলেন মহিলা কলেজের ছাত্রী। ব্যাটারি চালিত রিকশা চড়েই এদিন কলেজের উদ্দেশ্যে রওনা দেয় এই ছাত্রী। পথেই দুর্ঘটনার শিকার হয় সে। এদিনের এই দুর্ঘটনায় গুরুতর আহত হলেন বাইক চালক। পরে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ট্রাফিক কর্মীদের উপস্থিতিতেই এই দুর্ঘটনা সংঘটিত হওয়ায়, স্বাভাবিকভাবেই ট্রাফিক কর্মীদের কর্তব্য ও দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন প্রত্যক্ষদর্শীরা।



