বন্ধুদের সাথে বাইকে করে খার্চি পুজুই গিয়ে আর বাড়ি ফেরা হলো না ২৪ বছরের যুবক সুমন দত্তের। রবিবার ছিল খার্চি পূজার শেষ দিন। এদিন মেলা প্রাঙ্গনে উপচে পড়ে পুণ্যার্থীদের ভিড়। আগরতলা শহরতলী দক্ষিণ লঙ্কামুড়ার সুমন দত্ত বন্ধুদের সাথে করে বাইকে এই উৎসবের শামিল হয়। উৎসব থেকে গভীর রাতে নিজ বাড়িতে ফেরার পথে পশ্চিম থানার অন্তর্গত বর্ডার গোল চক্কর ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন এলাকায় সুমনের বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। দ্রুত গতিতে আসা বাইকটি রাস্তার পাশে থাকা একটি গাড়িতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে সুমন ও তার বন্ধু নয়ন দাস। সঙ্গে সঙ্গে তাদের পেছনে আসা অপর বাইকে থাকা বন্ধুরা এবং বিকট আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। এরই মধ্যে সোমবার সকালে চিকিৎসা চলাকালীন অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সুমন দত্ত। মৃত যুবক সুমনের বাড়ি দক্ষিণ লঙ্কামুড়ায়। অপরদিকে মৃত সুমনের বন্ধু নয়ন দাস বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। নয়নের বাড়ি বর্ডার গোলচক্কর এলাকায়। সোমবার সুমনের মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ছেলেকে হারিয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে সুমন দত্তের মা-বাবা সহ আত্মীয় পরিজনরা। বাইক দুর্ঘটনায় দুই বন্ধু হতাহতের ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।



