বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৬ ই নভেম্বর…… খোয়াই চেবরি এলাকায় মানবিকতার নজির গড়লেন স্কাউট মাস্টার অভিষেক রায়।এক অসহায় মহিলাকে উদ্ধার করে তুলে দিলেন পুলিশের হাতে।এর থেকেই বুঝাযায় যে আজও মানবিকতা বেঁচে রয়েছে সমাজের কিছু মানুষের মধ্যে যা আজও হারিয়ে যায়নি। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চেবরি এলাকার বাসিন্দা তথা স্কাউট মাস্টার অভিষেক রায়।
ঘটনার বিবরণে জানা যায় শনিবার রাত নয়টার নাগাদ চেবরি বাজার সংলগ্ন জাতীয় সড়কের পাশে প্রায় দুই ঘণ্টা ধরে অসহায় অবস্থায় পড়েছিলেন এক জনজাতি মহিলা। স্থানীয় সূত্রে জানা যায়, মহিলাটি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে মনে করা হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে রাস্তার পাশে তাঁকে পড়ে থাকতে দেখলেও সাহায্যের জন্য এগিয়ে আসেননি কেউ।ঠিক সেই সময় খোয়াই থেকে চেবরি বাজারের দিকে আসছিলেন কল্যাণপুর স্কাউট অ্যান্ড গাইডের সদস্যরা। রাস্তার পাশে মহিলাকে পড়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে তাঁর কাছে ছুটে যান স্কাউট মাস্টার অভিষেক রায়। মহিলার সঙ্গে কথা বলে তাঁর পরিচয় ও বাড়ির ঠিকানা জানার চেষ্টা করেন। কিন্তু মহিলা সঠিকভাবে কোনও কথা বলতে না পারায় তখন তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়। সেই সময়ে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে অভিষেক রায় খবর দেন খোয়াই দমকল দপ্তর এবং মহিলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খোয়াই মহিলা থানার পুলিশও। পরবর্তীতে পুলিশ মহিলাকে উদ্ধার করে নিরাপদে নিজেদের হেফাজতে নিয়ে যায়। এখানে উল্লেখ্য, চেবরি এলাকার বাসিন্দা অর্থাৎ স্কাউট মাস্টার অভিষেক রায় সর্বদাই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেন, আজও তার ব্যতিক্রম ঘটেনি। প্রায় দুই ঘণ্টা ধরে জাতীয় সড়কের পাশে অসহায় অবস্থায় পড়ে থাকা মহিলাকে দেখে মানবিক দায়িত্ববোধ থেকেই এগিয়ে আসেন তিনি এবং শেষ পর্যন্ত প্রশাসনের হাতে মহিলাকে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। শনিবার রাতের এই ঘটনায় আবারও প্রমাণ করল, মানবিকতা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত মানবতার পরিচয় পাওয়া যায়।অভিষেক রায়ের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চেবরি এলাকার বাসিন্দারা।



