Saturday, October 31, 2026
বাড়িখবররাজ্যসর্দার প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকীতে এ.ডি. নগর পুলিশ লাইনে শপথ গ্রহণ, জাতীয় ঐক্যের...

সর্দার প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকীতে এ.ডি. নগর পুলিশ লাইনে শপথ গ্রহণ, জাতীয় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রীর

লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে ‘রাষ্ট্রীয় একতা দিবস’। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ত্রিপুরা পুলিশের উদ্যোগে আগরতলার এ.ডি. নগর পুলিশ লাইনে আয়োজন করা হয় বিশেষ শপথ গ্রহণ ও আনুষ্ঠানিক কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা, পুলিশের মহানির্দেশক জি এস রাও-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জাতীয় ঐক্য, সংহতি ও দেশের অখণ্ডতা বজায় রাখার শপথ নেন উপস্থিত পুলিশ আধিকারিক, কর্মী এবং অন্যান্য অতিথিরা। স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করে অখণ্ড ভারত গঠনে সর্দার প্যাটেলের ঐতিহাসিক ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এদিন বিভিন্ন পুলিশ বাহিনীর প্যারেড পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী এবং জওয়ানদের অভিবাদন গ্রহণ করেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্যারেড কেবল শৃঙ্খলা, দক্ষতা, সাহস ও পেশাদারিত্বের পরিচয় নয়; এর মধ্য দিয়ে জাতীয় ঐক্য, কর্তব্যনিষ্ঠা, পারস্পরিক সমন্বয় এবং দেশের প্রতি অঙ্গীকারও প্রতিফলিত হয়। বিভিন্ন বাহিনীর সম্মিলিত অংশগ্রহণ দেশের নিরাপত্তা, শান্তি ও অখণ্ডতা রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার বার্তা বহন করে বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে ত্রিপুরা পুলিশ একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মোটরবাইক র‍্যালি। সম্প্রতি এ.ডি. নগর পুলিশ লাইন থেকেই পুলিশের মহানির্দেশক এই র‍্যালির সূচনা করেছিলেন। বিভিন্ন রাজ্য অতিক্রম করে র‍্যালিটি গত ২৫ অক্টোবর গুজরাটে পৌঁছায়। মুখ্যমন্ত্রী জানান, এই মোটরবাইক র‍্যালির অন্যতম উদ্দেশ্য ছিল মাদকের বিরুদ্ধে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া। তাঁর কথায়, বর্তমান সময়ে মাদকাসক্তি সমাজের সামনে এক বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি। মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, একটি পরিবারকে বিপর্যস্ত করার পাশাপাশি গোটা সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে লড়াইকে কেবল প্রশাসনিক উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এই লড়াইকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। আর সেই লক্ষ্য পূরণে পুলিশ প্রশাসন, সাধারণ মানুষ এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সব মিলিয়ে, রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে এ.ডি. নগর পুলিশ লাইনের এই কর্মসূচিতে একদিকে যেমন সর্দার বল্লভভাই প্যাটেলের অবদানকে স্মরণ করা হয়েছে, অন্যদিকে জাতীয় ঐক্য, দেশের নিরাপত্তা এবং মাদকমুক্ত সমাজ গঠনের বার্তাও তুলে ধরা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য