রাজ্যে নার্সিং শিক্ষার পরিকাঠামো আরও উন্নত করার লক্ষ্যে নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। শহরতলির দুর্জয়নগরে নবনির্মিত আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, বি.আর.এ.এম. নার্সিং স্কুল এবং এ.এন.এম.আর. ট্রেনিং ইনস্টিটিউটের ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। নতুন এই ভবন নির্মাণে এখনও পর্যন্ত প্রায় ৮ কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং সংশ্লিষ্ট তিনটি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের আধিকারিকরা। উদ্বোধনের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নার্সিং শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত পরিকাঠামো গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।
তিনি জানান, একই জায়গায় তিনটি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমানে নির্মিত ভবনের পাশাপাশি আগামী দিনে সেখানে আরও নতুন ভবন তৈরি করা হবে। এই উদ্যোগের মাধ্যমে এলাকাটিকে একটি পূর্ণাঙ্গ নার্সিং হাব হিসেবে গড়ে তোলাই রাজ্য সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রীর মতে, তিনটি প্রতিষ্ঠান একই পরিসরে থাকলে শিক্ষার্থী ও প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়বে। এর ফলে নার্সিং শিক্ষার ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটবে। পরবর্তীতে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিযুক্ত নার্সরা আরও উন্নত পরিষেবা দিতে পারবেন, যার সরাসরি সুফল পাবেন সাধারণ মানুষ। রাজ্য সরকারের এই উদ্যোগকে নার্সিং শিক্ষার পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আগামী দিনে দুর্জয়নগরে আরও ভবন নির্মাণের মাধ্যমে এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর থাকবে।



