প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, আগাম প্রস্তুতি জোরদার করা এবং মানুষের জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার রাজ্যেও পালিত হয় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস। জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বজুড়ে এই দিবসটি পালন করা হয়। এবছর দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় হলো— ‘সহনশীলতার শুরু ঘর থেকেই’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের উদ্যোগে আগরতলা সচিবালয়ে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের বক্তব্য, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়। প্রতিটি পরিবার, বাড়ি এবং সমাজের প্রতিটি স্তর থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করা প্রয়োজন। বিপর্যয়ের সময় কীভাবে দ্রুত ও সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায়, সে বিষয়ে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি আগাম সতর্কতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থার গুরুত্বও তুলে ধরা হয়।
এদিনের কর্মসূচিতে শপথ বাক্য পাঠ করেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা-সহ অন্যান্য আধিকারিকরা। দুর্যোগের ঝুঁকি হ্রাসে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষিত রাখতে সচেতনতার প্রসারে অঙ্গীকারবদ্ধ হওয়ার বার্তা দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে। উল্লেখ্য, দুর্যোগের মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নেওয়া গেলে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। তাই পরিবার থেকে শুরু করে বৃহত্তর সমাজ পর্যন্ত সকলের মধ্যে সচেতনতা ও সহনশীলতা গড়ে তোলাই আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালনের অন্যতম মূল লক্ষ্য।



