Tuesday, October 6, 2026
বাড়িখবররাজ্যমাতৃ বন্দনা কর্মসূচিতে মহিলাদের হাতে নতুন বস্ত্র, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের বার্তা...

মাতৃ বন্দনা কর্মসূচিতে মহিলাদের হাতে নতুন বস্ত্র, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের বার্তা মুখ্যমন্ত্রীর

দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। বাঙালির প্রাণের উৎসবকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের আনন্দে যাতে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিও সামিল হতে পারে, সেই লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও বিভিন্ন সংগঠনের উদ্যোগে চলছে বস্ত্র বিতরণ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হল বিশেষ বস্ত্র বিতরণ কর্মসূচি। ‘মাতৃ বন্দনা’ কর্মসূচির অঙ্গ হিসেবে বিজেপি বরদোয়ালী মণ্ডলের মহিলা মোর্চার উদ্যোগে এলাকার আর্থিকভাবে দুর্বল মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উৎসবের আগে নতুন পোশাক পেয়ে স্বাভাবিকভাবেই খুশি উপভোক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডল এলাকার কর্পোরেটররা, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মণ্ডল সভাপতি সহ দলের অন্যান্য কার্যকর্তারা। অনুষ্ঠানে মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমেই পারস্পরিক সম্পর্ক ও বন্ধন তৈরি হয়। আর মানুষের সঙ্গে তৈরি হওয়া এই বন্ধন দীর্ঘস্থায়ী হয় বলেও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী দলীয় কার্যকর্তাদের সাধারণ মানুষের সঙ্গে আরও বেশি করে যোগাযোগ রাখার পরামর্শ দেন। তাঁর বক্তব্য, রাজনৈতিক সংগঠন হিসেবে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা দখল করে চেয়ারে বসে থাকার জন্য কাজ করে না। সমাজের পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতায় থাকার লক্ষ্যেই দল কাজ করছে বলে দাবি করেন তিনি। পূর্ববর্তী সরকারের সময়ের পরিস্থিতির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, একটা সময় রাজ্যে অস্থির পরিবেশ তৈরি হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সরকার থাকবে কি থাকবে না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। এরপর ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর গোটা দেশে পরিবর্তনের ধারা শুরু হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর দেখানো পথ অনুসরণ করে ত্রিপুরাতেও সরকার বিভিন্ন ক্ষেত্রে কাজ করে চলেছে বলে জানান তিনি। বিশেষ করে মহিলাদের স্বশক্তিকরণের উপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মহিলাদের আর্থিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। তবে মহিলাদের প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিশেষভাবে নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেন। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজ্যের প্রতিটি জেলায় মহিলা থানা গড়ে তোলা হয়েছে। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির দিকেও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান তিনি। এদিনের বস্ত্র বিতরণ কর্মসূচিকে ঘিরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উৎসবের আবহ তৈরি হয়। দুর্গাপূজার আগে নতুন বস্ত্র হাতে পেয়ে খুশি এলাকার মহিলারাও। সামাজিক সংযোগ ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা সামনে রেখে আয়োজিত এই কর্মসূচি ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য