আগরতলা শহরের ব্যস্ত প্রাণকেন্দ্রে কোমরে পিস্তল নিয়ে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ। শুক্রবার টাউন হল সংলগ্ন এলাকায় এই ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে যুবককে তল্লাশি চালানোর পর পুলিশের হাতে আসা পিস্তলটি আসল নয়, নকল বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন টাউন হলের সামনে এক যুবককে দীর্ঘক্ষণ সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার কোমরে পিস্তলসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে সন্দেহ হয় স্থানীয় কয়েকজনের। বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে তাঁরা দ্রুত পূর্ব আগরতলা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন যুবককে আটক করে তল্লাশি চালায়। তল্লাশির সময় তার কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তলসদৃশ বস্তু। প্রাথমিকভাবে সেটি আগ্নেয়াস্ত্র বলে মনে হলেও পরে পুলিশ নিশ্চিত হয়, উদ্ধার হওয়া পিস্তলটি আসলে নকল।
ঘটনায় স্বাভাবিকভাবেই টাউন হল সংলগ্ন এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, এই নকল পিস্তলটি দেখিয়ে বিভিন্ন সময়ে মানুষকে ভয় দেখানোর কাজে ব্যবহার করা হতো। যদিও ঠিক কোন কোন ঘটনায় এটি ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। আটক যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নকল পিস্তলটি কোথা থেকে তার হাতে এল, কেন সেটি সঙ্গে নিয়ে প্রকাশ্য স্থানে ঘোরাফেরা করছিল এবং অতীতে সেটি ব্যবহার করে কোনও ব্যক্তিকে ভয় দেখানো হয়েছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। শহরের ব্যস্ত এলাকায় কোমরে পিস্তল নিয়ে এক যুবকের দাঁড়িয়ে থাকার ঘটনায় প্রথমে আতঙ্ক তৈরি হলেও শেষ পর্যন্ত সেটি নকল বলে জানা যাওয়ায় স্বস্তি ফেরে। তবে নকল আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ থাকায় বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে পূর্ব আগরতলা থানার পুলিশ।



