রাজধানী আগরতলায় ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। মহাকরণের সামনে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ইলেকট্রিক অটোচালক। মৃতের নাম পার্থ দাস। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশ্ন উঠছে, বারবার ঘটে চলা সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থাপনা কতটা কার্যকর?
মঙ্গলবার মহাকরণের সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনায় গুরুতর আহত হন ইলেকট্রিক অটোচালক পার্থ দাস। তাঁকে দ্রুত জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃত পার্থ দাসের বাড়ি ভাটি অভয়নগরে। তিনি পরিবারে রেখে গেলেন স্ত্রী ও একটি ছোট সন্তান। আকস্মিক এই মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান ৬ নম্বর আগরতলা মণ্ডলের সভাপতি পার্থ ভট্টাচার্য। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এদিকে, একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ফের প্রশ্ন উঠছে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে। ট্রাফিক আইন যথাযথভাবে মানা হচ্ছে কি না, চালকদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে কি না, এবং আইন প্রয়োগে কোথাও ঘাটতি রয়েছে কি না—এসব বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এই দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের রিপোর্টে কী উঠে আসে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর সকলের।



