রাজ্যের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব গড়িয়া পূজাকে সামনে রেখে রাজ্যজুড়ে এখন চূড়ান্ত প্রস্তুতি তুঙ্গে। আগামীকাল অনুষ্ঠিত হতে চলা এই পূজাকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়। বিশেষ করে রাজধানী আগরতলার প্রগতি স্কুল মাঠ, কৃষ্ণনগর, বয়েজ ক্লাব, নেতাজি ক্লাব এবং কসমোপলিটন ক্লাব সহ একাধিক স্থানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পূজা মণ্ডপ সাজানো, প্রয়োজনীয় সামগ্রী জোগাড় এবং ধর্মীয় আচার পালনের জন্য ব্যস্ত সময় পার করছেন উদ্যোক্তারা।
গড়িয়া পূজা মূলত জনজাতি সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই পূজায় একটি বাঁশের তৈরি শিপির ভেতরে কাপড় বেঁধে দেবতার প্রতীক স্থাপন করা হয়। এরপর ফুল, ফল, মুরগি বলি এবং চালের মদ নিবেদন করে বাবা গড়িয়াকে সন্তুষ্ট করার রীতি প্রচলিত রয়েছে। এই পূজার মাধ্যমে ভালো ফসল, সুখ-সমৃদ্ধি এবং পরিবারের মঙ্গল কামনা করা হয়। প্রতিবছরের মতো এবছরও রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মীয় নিষ্ঠা ও ঐতিহ্যের সঙ্গে পালিত হবে গড়িয়া পূজা। উৎসবকে কেন্দ্র করে প্রশাসনের তরফেও নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সব মিলিয়ে গড়িয়া পূজাকে ঘিরে রাজ্যজুড়ে এখন উৎসবের আবহ বিরাজ করছে।



