নির্ভয়ে ভোট দিন, আপনাদের জন্য যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।এডিসি নির্বাচনের সরব প্রচার সমাপ্তির দিন সাংবাদিক সম্মেলন করে ভোটারদের বার্তা দিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যান কর।
রবিবার ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচন। এডিসির ২৮টি কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৭৩ জন প্রার্থী ।মোট ভোটার ৯ লক্ষ ৬২ হাজার ৬৯৭ জন। এডিসি ভোটকে নির্বিঘ্নে সম্পন্ন করতে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য পুলিশ। মোট ১২৫৭ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ।এই পোলিং স্টেশন গুলিকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে আরক্ষা প্রশাসন ।এ ক্যাটাগরিতে রয়েছে অতি স্পর্শকাতর ৩১১ টি ভোটকেন্দ্র ।স্পর্শ কাতর ৬৯৬ টি ভোটকেন্দ্রকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এছাড়া সাধারণ ভোটকেন্দ্রের সংখ্যা ২৫৩ টি। প্রত্যেক ক্যাটাগরির ভোটকেন্দ্রের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকবে টি এস আর এবং সিভিল পুলিশ ।এদিন সাংবাদিক সম্মেলন করে রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর এই তথ্য জানান ।তিনি জানান, নির্বাচনে মোট ১২ হাজার টিএসআর এবং সিভিল পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া থাকবে ১২ কোম্পানি বিএসএফ ,১০ কোম্পানি এস এস বি টি এবং দুই কোম্পানি সিআরপিএফ ।রাজ্য পুলিশের ডিজিপি আরো জানান ,সম্প্রতি আরো ২৪ কোম্পানি সিআরপিএফ পাওয়া গেছে ।এর মধ্যে চার কোম্পানি সিআরপিএফ ইতিমধ্যেই রিপোর্ট করে ফেলেছে ।শুক্রবারের মধ্যেই আরো ২০ কোম্পানি সিআরপিএফ রিপোর্ট করবে। তাদেরকে প্রতিটি নির্বাচনী কেন্দ্রের প্রতিটি গ্রামে নিরাপত্তার দায়িত্বে রাখা হবে ।তিনি জানান, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এই ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচক মন্ডলীর প্রতি আহ্বান জানিয়ে রাজ্য পুলিশের প্রধান বলেন, নির্বাচক মন্ডলী যেন ভয় শূণ্য চিত্তে ভোটকেন্দ্রে জান এবং তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করেন। কোন ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হলে রাজ্য পুলিশের কন্ট্রোলরুম ১১২ তে ফোন করতে বলেন তিনি ।এই ক্ষেত্রে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন ডিজিপি অনুরাগ ধ্যান কর।
এদিকে এডিসি নির্বাচনের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হয়েছে ।সাত এবং আট এপ্রিল এই দুই দিন পোস্টাল ভোট গ্রহণ করা হয় ।রাজ্যের ১৬টি মহকুমার ফ্যাসিলিটেশন সেন্টারে এই ভোট দান চলে। ভোটে নিযুক্ত প্রায় দশ হাজার আটশ ভোট কর্মী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ।শতাংশের নিরিখে পোস্টাল ব্যালটে প্রদত্ত ভোটের হার ৯৭ শতাংশ।



